মক্কার গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল সৌদি আরবের মক্কার গভর্নর প্রিন্স খালিদ বিন ফয়সালের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় রাষ্ট্রদূত মক্কা অঞ্চলে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীদের সাহায্য করার জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী করোনাকালীন বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরি খাদ্য সাহায্য প্রদানের জন্য গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত গভর্নরকে বাংলাদেশি অভিবাসীদের অভিভাবক হিসেবে উল্লেখ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে তাদের চাকরি ও কাজের নিশ্চয়তা অব্যাহত রাখার ব্যাপারে অনুরোধ জানান।

মক্কার গভর্নর সৌদি আরবের অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের ভূমিকা উল্লেখ করে তাদের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার উচ্চকিত প্রশংসা করেন। হৃদ্যতাপূর্ণ এ বৈঠকে গভর্নর বাংলাদেশের সাথে দীর্ঘদিনের ভাতৃপ্রতীম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আগামী দিনে এ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ প্রকাশ করেন। গভর্নর প্রিন্স খালিদ বিন ফয়সাল তার অঞ্চলে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সহায়তার আশ্বাস দেন।

এ সময় গভর্নর জানান, করোনাভাইরাস বিস্তার এর ঝুঁকি না নিয়ে সকল স্বাস্থ্যগত সুরক্ষা মেনে পবিত্র উমরা পালনের জন্য হারাম শরীফ ধীরে ধীরে খুলে দেয়া হবে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠকের জন্য গভর্নরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশকে অব্যাহত সহায়তা প্রদানের জন্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.