সিঙ্গাপুর : সিঙ্গাপুরের একটি বড় শপিংমলের ১০ হাজার বর্গফুটের ছাদে গেলে ইট-কাঠের খাঁচার বদলে সবুজের সমারোহ দেখা যাবে। আশপাশের আকাশচুম্বী অট্টালিকার বিপরীতে নিজেদের অবস্থান জানিয়ে দেয়ার জন্য। এক চিলতে মাটি খুঁজে পাওয়া দুষ্কর নগররাষ্ট্রটিতে ছাদ কৃষি এখন নতুন স্বাভাকিক হিসেবে দাঁড়াচ্ছে। এই মহামারীতে খাদ্য উৎপাদনে নিজেদের ওপর কিছুটা নির্ভর হওয়ার প্রয়োজনীয়তা বেশ ভালোভাবেই অনুভব করেছে প্রায় শতভাগ আমদানিনির্ভর দেশটি।
মূলত গত কয়েক বছরে ৫৭ লাখ মানুষের সিঙ্গাপুরে ছাদ কৃষি বেশ সম্প্রসারিত হয়েছে। গত বছর নগর কর্তৃপক্ষ জানায়, ২০৩০ সালের মধ্যে শহরটির জনসংখ্যার ৩০ শতাংশ খাদ্য চাহিদা স্থানীয়ভাবে পূরণ করবে। শাকসবজির পাশাপাশি মাছ ও ডিম উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও হাতে নিয়েছে তারা।
তাছাড়া জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন হ্রাস এবং বাণিজ্য উত্তেজনায় আমদানিতে প্রভাবের কারণে ছাদ কৃষির ওপর আগে থেকেই জোর দিচ্ছিল সরকার। নভেল করোনাভাইরাস মহামারী এতে জ্বালানি সরবরাহ করেছে।
শপিংমলটির ছাদে কৃষি প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান এডিবল গার্ডেন সিটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা স্যামুয়েল অ্যাং বলেন, সিঙ্গাপুরে চিরাচরিত ভুল ধারণা হলো, খালি জমির দুষ্প্রাপ্যতার কারণে এখানে চাষাবাদের পর্যাপ্ত সুযোগ নেই। আমরা এ বয়ান পরিবর্তন করে দিতে চাই।
বিশ্বব্যাপীই জনাকীর্ণ শহরগুলোয় নাগরিক কৃষি জনপ্রিয় হয়ে উঠছে। তবে জনবহুল সিঙ্গাপুরে ছাদে চাষাবাদ অনেক গুরুত্ব পাচ্ছে। প্রায় ৯০ শতাংশ খাদ্য আমদানিকারক নগররাষ্ট্রটি চলমান মহামারীতে বেশ ধাক্কা খেয়েছে।
কৃষিকাজ একসময় সিঙ্গাপুরে স্বাভাবিক চিত্র ছিল। কিন্তু আর্থিক কেন্দ্র হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেখান থেকে মনোযোগ সরিয়ে নেয় খাদ্যের জন্য প্রায় শতভাগ আমদানির ওপর নির্ভর করতে থাকে। যেসব দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করত, বৈশ্বিক বিভিন্ন সংকটে সেসব দেশের কৃষি ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব পড়ে সিঙ্গাপুরে। একই পরিস্থিতি হংকংয়েরও।
খাদ্যের জন্য প্রায় শতভাগ আমদানিনির্ভর নগররাষ্ট্র দুটি এ মহামারীতে বেশ নাকানিচুবানি খেয়েছে। এতে ফের চাষাবাদে মনোযোগ দিচ্ছে সিঙ্গাপুর ও হংকংয়ের বাসিন্দারা। চলমান মহামারীতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের চাহিদা আকাশচুম্বী থাকতে দেখা গেছে হংকংয়ে।
নভেল করোনাভাইরাস মহামারীতে সাপ্লাই চেইনে যে বিঘ্ন ঘটেছে, ভবিষ্যতে এ রকমটা হতে পারে—এ আশঙ্কা সবার মধ্যেই জেঁকে বসেছে। স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন প্রকল্পে ২ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরে ছাদ কৃষি প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া বেশ কয়েকটি ফার্মের একটি হচ্ছে এডিবল গার্ডেন সিটি। তারা শহরটিতে ৮০টির মতো ছাদ কৃষি প্রকল্প পরিচালনা করছে। তবে তারা বেশ কয়েকটি অস্বাভাবিক জায়গায়ও কৃষি খামার করেছে। সেগুলোর মধ্যে রয়েছে একটি জেলখানায় কৃষি খামার।
এছাড়া শিপিং কনটেইনার ও উঁচু তলার ভবনের অ্যাপার্টমেন্টগুলোর ব্যালকনিতেও আবাদ শুরু করেছে। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো, চাষাবাদে একেবারে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করে। যেমন কীটপতঙ্গ তাড়াতে ব্যবহার করে নিমের তেল।
এডিবল গার্ডেন সিটির সিইও অ্যাং বলেন, আমরা যেটা করতে চাই তা হলো, এই ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই যে আমাদের খাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। আমরা এটাও জানাতে চাই, চাষাবাদের জন্য আপনার অনেক জায়গাজমির দরকার পড়বে না।
বেগুন, লাল ওকরা, শাকসবজি থেকে শুরু করে ৫০ প্রজাতির খাদ্যপণ্য চাষাবাদ করছে এডিবল গার্ডেন সিটি। চাষাবাদে তারা উচ্চ প্রযুক্তি ব্যবহার করছে।
নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে গত এপ্রিল থেকে জুনে কঠোর লকডাউনের ফলে বিভিন্ন রেস্তোরাঁয় কৃষিসেবা হ্রাস পেয়েছে। কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে গ্রাহকের পরিমাণ তিন গুণ বেড়েছে বলে জানান অ্যাং।
সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির পরিচালক উইলিয়াম চেন বলেন, ছাদ কৃষি অবশ্যই সিঙ্গাপুরের জন্য একটি ইতিবাচক খবর। এএফপি অবলম্বনে, বণিক বার্