করোনা: সোমবার থেকে প্যারিসে সর্বোচ্চ এলার্ট দিতে পারে সরকার

ফ্রান্স : সোমবার থেকে সর্বোচ্চ করোনা এলার্ট দেয়া হতে পারে প্যারিসে। এমনটাই জানান দিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন। তিনি বলেছেন, রাজধানী প্যারিস ও এর আশপাশে করোনা সংক্রমণ বাড়ছে। ফলে নতুন বিধিনিষেধ আরোপ করা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে রোববার।

তিনি আরো বলেন, রাজধানীতে সব বার পুরোপুরি বন্ধ করে দেয়ার প্রয়োজন হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইউরোপের অনেক দেশেই করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে ফ্রান্স অন্যতম।

বৃহস্পতিবার সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৩ হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে ইউরোপে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাকে জেগে উঠার আহ্বান হিসেবে দেখা যেতে পারে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবারই প্যারিস সর্বোচ্চ এলার্টের অবস্থায় চলে গিয়েছে।

প্রতি এক লাখ মানুষে আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। তবু আমরা আরো দু’একদিন দেখবো। এই ধারা অব্যাহত থাকলে আমাদের সামনে সোমবার থেকে সর্বোচ্চ এলার্ট দেয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। তার মতে, প্যারিসে আইসিইউতে শতকরা ৩০ ভাগের বেশি বেড এরই মধ্যে কোভিড-১৯ আক্রান্ত রোগিতে পূর্ণ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সর্বোচ্চ এলার্ট দেয়া হয় তাহলে পারিবারিক রিইউনিয়ন এবং বারগুলো বন্ধ থাকবে। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার বার ও রেস্তোরাঁকে রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। একই রকম বিধিনিষেধ এরই মধ্যে দেয়া হয়েছে মার্সেইলিতে। গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মার্সেইলিতে বার, রেস্তোরাঁ, জিম কমপক্ষে দু’সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৭০ জন। মারা গেছেন ৬৩ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, করোনা মহামারি শুরুর পর ফ্রান্সে কমপক্ষে ৩১ হাজার ৯৮৬ জন মানুষ মারা গিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.