সারাবিশ্বেই ভয়াবহ সংকট তৈরি করেছে প্রাণঘাতী করোনা।
গত ডিসেম্বরে এই ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমেছে।
কাজ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
বিভিন্ন দেশের পর্যটন শিল্পও ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে।
গত কয়েক মাসে মালয়েশিয়ায় পর্যটক একেবারে নেই বললেই চলে।
প্রায় আট মাস ধরে দেশটিতে পর্যটকদের সংখ্যা কমছেই।
ফলে দেশটির পর্যটন শিল্পে ধস নেমে এসেছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে পর্যটকের আনাগোনা কমেছে প্রায় ৭৯ শতাংশ।
করোনাভাইরাসের কারণে শুধু মালয়েশিয়াই নয়, বিশ্বের প্রায় সব দেশেই পর্যটকদের আসা-যাওয়া একেবারে নেই বললেই চলে।
মালয়েশিয়া ট্যুরিজম প্রোমোশন বোর্ড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে যে, করোনা মহামারির কারণে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় পর্যটকের সংখ্যা ৭৮ দশমিক ৬ শতাংশ কমে গেছে।
এক বছর আগে যেখানে পর্যটকের সংখ্যা ছিল ২ কোটির বেশি সেখানে গত কয়েক মাসে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৪৩ লাখ।