ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৭ জনের প্রাণহানি

indoneshia20160522120437ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের একটি দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির সুমাত্রা দ্বীপে মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরিতে ওই অগ্ন্যুৎপাতের ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে তিন কিলোমিটার দূর পর্যন্ত ছাই উড়তে দেখা গেছে। সিনাবুংয়ের কাছের একটি এলাকায় চাষাবাদের কাজ করছিলেন হতাহতরা। এর আগে ওই এলাকা অনিরাপদ ঘোষণা করা হয়।

রোববারও ওই আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ছাই উদগিরণ অব্যাহত ছিল। এতে সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ২০১৪ সালে একই ধরনের অগ্ন্যুৎপাতে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

২০১০ সালেও এটি সক্রিয় ছিল। তবে সম্প্রতি সক্রিয় হওয়ার চারশ বছর আগে আগ্নেয়গিরিটি থেকে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে সিনাবুং অন্যতম। এর উচ্চতা দুই হাজার ৪৬০ মিটার (৮,০৭০ ফুট)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.