শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত কয়েক শত মানুষ।
মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। হতাহতের পাশাপাশি ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এর উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমকিভাবে জানিয়েছে, ভূমিকম্পে মাজেনেতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া প্রতিবেশী মামুজু প্রদেশে কমপক্ষে তিনজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি।
বার্তা সংস্থা এপি বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভূমিকম্পে একটি হাসপাতালের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগীদের জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা তাঁবুতে সরিয়ে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।