যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ওভাল অফিস ছাড়ার আগে রীতি অনুযায়ী তার উত্তরসূরী জো বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন পূর্বসূরীর সেই চিঠি হাতে পেয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডেরি। খবর দ্য ইন্ডিপেনডেন্ট ও ওয়াশিংটন পোস্টের।
স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানেই তিনি বলেন, চিঠিতে কী আছে তা তিনি এখনই জানাবেন না। সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ওই চিঠির বিষয়বস্তু প্রকাশ করবেন না।
তিনি বলেন, প্রেসিডেন্ট খুবই উদার চিঠি লিখেছেন। এটি ব্যক্তিগত। তার সঙ্গে কথা বলা ছাড়া এ বিষয়ে কিছু বলব না। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখনই কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই।
ট্রাম্পের জ্যেষ্ঠ এক কর্মী এই চিঠিকে বলেছেন, ‘ব্যক্তিগত নোট’। তিনি বলেন, শেষ পূর্ণ কর্মদিবসের রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে যেসব কাজ সম্পন্ন করেছেন তার মধ্যে এই চিঠি লেখাটাও ছিল।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদ শেষে বুধবার সকালে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে করে ফ্লোরিডার পথে রওনা দেন। হোয়াইট হাউস ত্যাগের সময় বলেন, প্রেসিডেন্ট হওয়া ছিল সারা জীবনের সম্মানের বিষয়।
হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে জানান, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অফিস ছেড়ে যাওয়ার জন্য রিসুলেট ডেস্কে চিঠিটি রেখে যান। একই স্থানে তার জন্য চিঠি রেখে গিয়েছিলেন বারাক ওবামা।
সেই চিঠিতে ওবামা ট্রাম্পের প্রতি লিখেছিলেন, ‘আমরা এই অফিসের (ওভাল অফিস) ক্ষণিকের দখলদার।’