ভারতে করোনা প্রতিষেধক তৈরির পরীক্ষাগার পুণের সেরাম ইনস্টিটিউটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা জানান, অগ্নিকাণ্ডে কোম্পানির এক হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। করোনা টিকা উৎপাদনে ক্ষতি না হলেও বিসিজি এবং রোটা ভ্যাকসিন উৎপাদনের ইউনিটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে ভ্যাকসিন উৎপাদনে কোনো ক্ষতি হবে না।
সেরাম ইন্সটিটিউটের যে অংশে আগুন লেগেছিল সেখানেই রোটা ভাইরাসের ল্যাবরেটরিটি অবস্থিত।ফলে স্বাভাবিকভাবেই রোটা ভ্যাকসিন উৎপাদনের উপর এর প্রভাব পড়বে। করোনা টিকা উৎপাদনে ক্ষতি না হলেও বিসিজি এবং রোটা ভ্যাকসিন উৎপাদনের ইউনিটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতে পুনের নির্মাণাধীন সিরামের কারখানার যে ভবনে প্রথমে আগুন লেগেছিল, সন্ধ্যার দিকে সেখানে আবারও একই ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্য অংশগুলোতে। অবশ্য দমকলকর্মীরা দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এর আগে, দুপুরের অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে প্রাণ হারান।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের উৎপাদন সিরামের ওই কারখানাতেই চলছে। শিগগিরই সেখানে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের ভ্যাকসিনও উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি