হুতি বিদ্রোহীদের সমর্থনে ইয়েমেনে মার্কিনবিরোধী বিক্ষোভ মিছিল

হুতি বিদ্রোহীদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানাসহ সারা দেশের বহু শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

হুতিদের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। খবর এএফপির।

আমেরিকাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃত উৎস’ এবং ইয়েমেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল হোতা হিসেবে আখ্যায়িত করেন বিক্ষুব্ধ ইয়েমেনিরা।

বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানান।

এক বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেন, আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যে মানবতাবিরোধী আচরণ করছে সেটিই প্রকৃত সন্ত্রাসবাদ।

ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে, সেটিই সন্ত্রাসবাদ।

গত ১১ জানুয়ারি ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র ৯ দিন আগে হুতিদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়।

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে বিশ্বের বহুদেশ ও আন্তর্জাতিক সংস্থা নিন্দা জানিয়েছে।

মার্কিন প্রশাসন ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.