জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার বাইডেন ও পুতিনের মধ্যে এই ফোনালাপ হয়। হোয়াইট হাউস দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
পুতিনের সঙ্গে বাইডেনের এই ফোনালাপ মস্কোর অনুরোধের পরিপ্রেক্ষিতে হয় বলে একটি সূত্র জানিয়েছে।
বাইডেন ২০ জানুয়ারি শপথ নেন। বাইডেন ক্ষমতা গ্রহণের পরপরই ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে অনুরোধ আসে।
হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, পুতিনের সঙ্গে প্রথম ফোনালাপে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাইডেন।
আলোচনা বিষয়ের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্রে সাইবার হামলা, রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির ওপর বিষ প্রয়োগ, ইউক্রেনে রুশ আগ্রাসন, রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র চুক্তি ইত্যাদি।