যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) করোনা মহামারিতে বন্ধ থাকা স্কুল চালুর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে।
শুক্রবার প্রকাশিত এই গাইডলাইনে বলা হয়েছে সবার জন্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখাই হলো শিশুদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
সিডিসি’র ওয়েবসাইটে পূর্নাঙ্গ গাইডলাইনটি পাওয়া যাচ্ছে। মাস্ক ও শারীরিক দূরত্বের পাশাপাশি স্কুল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, কন্ট্যাক্ট ট্র্যাসিংসহ একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। যাতে করে করোনার সংক্রমণ না ছড়িয়ে ৫ কোটি ৫০ লাখ শিশুকে সরকারি স্কুলে ফিরিয়ে আনা যায়।
সিডিসি’র ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি বলেন, আমরা মনে করি যে কৌশল তুলে ধরা হয়েছে এতে করে স্কুলে করোনার সংক্রমণ একেবারে সীমিত বা ছড়াবে না।
সিডিসি নতুন রূপরেখায় স্কুল চালু করাকে বাধ্যতামূলক করেনি। সংস্থাটি জানিয়েছে, শিক্ষকদের ভ্যাকসিন নেওয়ার শর্তে স্কুল পুনরায় চালু করা উচিত না। এতে স্কুল শিক্ষক ও কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোজ বাইডেন দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে বেশির ভাগ কে-৮ স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার তিনি বলেছেন, টানা স্কুল বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য ও অভিভাবকদের কাজ জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করেছে।