মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রাহমা জাতের ৩০টি গরু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানোর পরই ঘটে গেল লঙ্কাকাণ্ড।
এর মধ্যে চারটি গরু ছুটে রানওয়েতে চলে যায়। এক পর্যায়ে গরুগুলো হাওয়া হয়ে যায়!
এরপরই ওই গরু উদ্ধারে শুরু হয় অভিযান।
আর অভিযানে নেমে রাতভর পেরেশানিতে পড়েন দায়িত্বরত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা।
শুধু তাই নয়, এই গরু নিখোঁজের কারণে মধ্যপ্রাচ্যগামী একটি ফ্লাইট চলাচলও কর্তৃপক্ষকে বন্ধ রাখতে হয়।
আবার যেসব ফ্লাইট ওই সময়ে ঢাকায় অবতরণের কথা ছিল, সেগুলোকেও যথাসময়ে নামতে না পেরে আকাশে হোল্ড করতে হয়।
এভাবেই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ১১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চলার পর রানওয়ের উল্টোপাশের জঙ্গল থেকে আমেরিকার বংশোদ্ভূত ব্রাহমা জাতের গরুগুলোকে ধরে আনা হলে ফ্লাইট চলাচলসহ সব কার্যক্রম স্বাভাবিক হয়।
শুক্রবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গরুগুলো নামানোর সময় এমন অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
বিমানবন্দর টার্মিনাল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের (কিউআর-৮০৭৮) একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এই ফ্লাইট থেকেই আমেরিকার ব্রাহমা জাতের ৩০টি গরু নামানো হচ্ছিল।
এ সময় হঠাৎ চারটি গরু ছুটে যায়। এরপর রানওয়ে এলাকায় গিয়ে সেগুলো লুকিয়ে পড়ে।