ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। প্রাথমিকভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালে ডাবলিন তেহরানে দূতাবাস খুলবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী সাইমন। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে কভেনি গত ২০ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

ওই বৈঠকে ইরান ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পরস্পরের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময় করেন। পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।

আয়ারল্যান্ড ২০১২ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জের ধরে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ইরানে নিজের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.