প্রবল বর্ষণের কারণে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এই বন্যাকে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ বলে সতর্কবাণী দিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বেশ কিছু মানুষকবন্যার পানি থেকে উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের নিন্মাঞ্চলের অধিবাসীদের বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েকশ লোক আশ্রয় নিয়েছেন। খবর বিবিসির।
ব্যাপক মাত্রায় বন্যা হতে পারে এমন আশঙ্কায় অস্ট্রেলিয়ার সিডনির আরও অঞ্চলের অধিবাসীদের বাসস্থান ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ভারী বর্ষণ এখনো অব্যাহত থাকায় কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষ নির্দেশ দেয়, নিুভূমিতে বসবাস করছেন এমন যে কাউকে তাদের বাসস্থান ত্যাগ করতে হবে।
রোববার এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান সতর্ক করে দিয়ে বলেন, ‘একশ বছরের মধ্যে একবার হয়’ এমন ঘটনা প্রত্যক্ষ করছে অঙ্গরাজ্যের মধ্য-উত্তরাঞ্চলীয় উপকূলের কিছু অংশ।
তিনি বলেন, ‘আপনার যদি ভ্রমণের দরকার না হয়, যদি আপনার আজ বাইরে যেতে না হয়, তাহলে আজ হলো বাসায় থাকার দিন।’