ফরাসি নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ত্যাগের পরামর্শ দিয়েছে ফ্রান্স। এছাড়া দেশটিতে ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকির বিষয়েও সতর্ক করা হয়েছে।
এ সপ্তাহে পাকিস্তানের হাজার হাজার ইসলামপন্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মহানবীকে (সা.) নিয়ে কার্টুন আঁকায় যে বিক্ষোভ হয়েছে, সেখান থেকে বিক্ষোভকারীদের আটক করায় এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চালান ইসলামপন্থীরা।
দেশটির কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) হুমকির পর ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বার্তা পাঠানো হয়েছে।
ফরাসি স্বার্থের প্রতি হুমকির কারণে পাকিস্তানে অবস্থানরত ফরাসি নাগরিকদের পাকিস্তান ছাড়তে ও ফরাসি কোম্পানিগুলো বন্ধ করতে বার্তায় পরামর্শ দেয়া হয়েছে।
গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর পর প্যারিস ও ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
ওই শিক্ষক মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক ক্লাসে শিক্ষার্থীদের মহানবীর (সা.) কার্টুন দেখিয়েছিলেন।
এ কারণে ১৮ বছর বয়সী এক তরুণ ওই শিক্ষককে গলা কেটে হত্যা করেন।