পাকিস্তানের পুলিশ জানিয়েছে, একটি কট্টরপন্থী ইসলামি সংগঠন লাহোরে তাদের সদর দফতরে ছয়জন পুলিশ সদস্যকে জিম্মি করে রেখেছে।
এদিকে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে সংগঠনটি দাবি করেছে, রোববারের বিক্ষোভে তাদের চারজন সমর্থক নিহত হয়েছেন।
মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ করার জেরে ফরাসি রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দাবিতে ২০ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে টিএলপি।
এ নিয়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে টিএলপির সমর্থকরা।
এ ঘটনায় সরকার টিএলপির নেতাকে গ্রেফতার করে। এরপর বিক্ষোভ আরও চরম আকার ধারণ করেছে।
কয়েকদিন ধরে চলা এ বিক্ষোভে অন্তত চারজন নিহত ও শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন।
এছাড়া হাজারেরও বেশি বিক্ষোভারীকে পুলিশ গ্রেফতার করেছে। সহিংসতার পর টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার।