মালয়েশিয়ায় বাংলাদেশ সহ চার দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটি ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর নতুন করে এই চারটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

বুধবার (০৫ মে) কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব।

তিনি জানান, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস ও বিজনেস পাস হোল্ডার পাসধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এইসব দেশের নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হবে না।

সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যক্তির শরীরে ভারতের তৈরি করোনার ভ্যারিয়েন্ট শনাক্তের পর প্রথম ভারতের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ইসমাইল সাবরি জানান, সরকার অন্যান্য দেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে।

যেসব দেশের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশে যদি কোনো মালয়েশিয়ান নাগরিক থাকে তবে তাদের নির্ধারিত এসওপি প্রয়োগের মাধ্যমে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে এবং শুধুমাত্র কূটনৈতিক ভিসাধারীরা শর্ত সাপেক্ষে আসা-যাওয়া করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.