এক সাংবাদিককে গ্রেপ্তারে গতিপথ ঘুরিয়ে রায়ানএয়ারের উড়োজাহাজকে মিনস্কে নামতে বাধ্য করার ঘটনায় ইউরোপের জোটভুক্ত ২৭ দেশের বিমানবন্দর ও আকাশসীমায় বেলারুশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিবিসি জানায়, শুক্রবার ইউরোপীয় সময় মধ্যরাত থেকে ২৭ দেশের আকাশসীমায় বেলারুশের বিমান নিষিদ্ধ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থার এক নির্দেশনায় ইইউভুক্ত দেশগুলোর বিমানগুলোকে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের সমালোচনা করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক জানান, ‘বিমান চলাচলে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয়।’