দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮০ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮১ জন।
এদের মধ্যে ৮০ জন ঢাকার এবং ১ জন ঢাকার বাইরের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৩৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ৩৩১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ৫ জন রোগী ভর্তি রয়েছেন।
