মালয়েশিয়ার পেনাংয়ে স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের অভিযোগে এখন পর্যন্ত ৪৮ বাংলাদেশি ও ১ জন স্থানীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
পেনাংয়ের জুরুতে তামান পেলাংগি এলাকায় দুই শতাধিক মানুষের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে এ আটক অভিযান শুরু হয়।
এর আগে স্থানীয়দের ব্যাপক সমালোচনার মুখে স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনায় ক্ষমা চান পেনাং পুলিশ প্রধান।
এদিকে এ ঘটনায় দোষীদের কোনো ছাড় নেই উল্লেখ করে প্রয়োজনে আইন-ভঙ্গকারী অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও হুশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একশ মানুষকে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয়। এসময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।
