বিদেশগামীদের কাছ থেকে বেশি টাকা নেয়ায় প্রাভা হেলথ বন্ধ করে দিল সরকার। সোমবার (০২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিটি প্রাভা হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়ে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি ওই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়েছে, যা অগ্রহণযোগ্য। এ অবস্থায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হল।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তারা করোনাভাইরাসের নমুনা কালেকশন বুথে পৃথক ডনিং এবং ডফিং রুম থাকার নিয়ম থাকলেও তারা একই কক্ষে দুটি কাজই চলছিল, যা অগ্রহণযোগ্য। বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারি নির্ধারিত ফি সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও প্রাভা হেলথ নিবন্ধন ফির নামে অতিরিক্ত ১৫০ টাকা আদায় করছিল।
এছাড়া আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে বিএমডিসির নিবন্ধিত একজন চিকিৎসকের স্বাক্ষর প্রয়োজন, কিন্তু প্রাভা হেলথের দেওয়া কোনো প্রতিবেদনে কোনো চিকিৎসকের স্বাক্ষর ছিল না।
