আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে চলমান স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন শেষ করার পরিকল্পনা করেছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিশন।
আগামী ১৪ ফেব্রুয়ারি বিদায়ের আগেই বর্তমান কমিশন জেলা পরিষদের নির্বাচনও করার চিন্তাভাবনা করছে।
সেক্ষেত্রে সব জেলা পরিষদের নির্বাচন সম্ভব না হলেও কিছু জেলা পরিষদের নির্বাচন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, জানুয়ারির মধ্যে মোটামুটি স্থানীয় সরকারের মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন সম্পন্ন করা হবে।
যেসব জেলায় ডিসেম্বরের মধ্যে ইউপি, পৌরসভা ও উপজেলা পরিষদের ভোট সম্পন্ন হয়েছে সেই সব জেলায় জেলা পরিষদের ভোট করা হবে।
সেক্ষেত্রে জানুয়ারিতে জেলা পরিষদের ভোট হতে পারে।