দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে ৫৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরগুলো হলো- রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর।
গতকাল বুধবার দুপুরে এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলেনকক্ষে মূল্যায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা হয় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও সংস্থাপনের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে একটি সার্ভে করা হয়।
এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ের জন্য দুটি ইডিএস ও আন্তর্জাতিক বহির্গমন যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য চারটি বডি স্ক্যানার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন যাত্রীদের জন্য একটি বডি স্ক্যানার এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন যাত্রীদের স্ক্রিনিংয়ে একটি বডি স্ক্যানার সরবরাহের জন্য জাইকা কারিগরি সহায়তা দিতে রাজি হয়েছে।