আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে প্রায় ছয় বছর। তবে ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন।
অবশেষে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন টেস্টে ভারতের প্রথম হ্যাটট্রিকের রেকর্ডগড়া হরভজন সিং।
আজ এক টুইটের মাধ্যমে সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
১৯৯৮ সালে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক হয়েছিল হরভজনের।
৪১ বছর বয়সী পাঞ্জাবের এই অফস্পিনার ভারতের হয়ে ১০৩ টেস্টে ৪১৭, ২৩৬ ওয়ানডেতে ২৬৯ এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৫ উইকেট শিকার করেছেন।
২৩ বছর পর ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো তার। টুইটারে হরভজন লিখেছেন, ‘সব ভালো জিনিসই একদিন শেষ হয়।
আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’