নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখনো পর্যন্ত কোনো ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ।
প্রতিবারই লজ্জার হার সঙ্গী হয় টাইগারদের।
তবু ভদ্রলোকের দেশ নিউজিল্যান্ড নিয়মিতই বাংলাদেশের জন্য সিরিজ আয়োজন করে।
সাদা পোশাকে নিউজিল্যান্ডের মাটিতে দলের পারফরম্যান্স যাচ্ছেতাই হলেও পাঁচ বছর আগে ওয়েলিংটন টেস্টের লড়াই থেকে অনুপ্রেরণা খুঁজছে টিম টাইগার।
সেই লড়াই থেকে আশার প্রদীপ জ্বালাচ্ছেন ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন।
নিউজিল্যান্ডের মাটিতে এখনো পর্যন্ত ৯ টেস্ট খেলে সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এর মাঝে পাঁচটিতে হেরেছে ইনিংস ব্যবধানে।
‘অনুপ্রেরণার’ ২০১৭ সালের ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ৭ উইকেটে হারে।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় খালেদ মাহমুদ জানালেন, এবার তাঁরা সেই পাঁচ বছর আগের কীর্তিকেও ছাড়িয়ে যেতে চান।