মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সম্প্রতি সেনা অভ্যুত্থানের ঘটনার জেরে আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
দেশগুলোর ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এক বিবৃতিতে জানায়, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট এর (এজিওএ) অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর ইথিওপিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইথিওপিয়া সরকার এবং অন্যান্য দল কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন, একই সঙ্গে গিনি এবং মালি উভয়ের সরকারের অসাংবিধানিক পরিবর্তনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
এ বিষয়ে তিনটি আফ্রিকান দেশের ওয়াশিংটন দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
