ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের প্রশংসা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল।
বিশ্বসেরা ক্রিকেট কিংবদন্তিরাও কুর্নিশ জানাতে ভোলেননি লাল-সবুজ জার্সিধারীদের।

এদিকে ভারতীয় গণমাধ্যমও মেতেছে টাইগার বাহিনীর বন্দনায়।
কিউইদের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিততে পারেনি টাইগার বাহিনী।

সেই গেরো কাটল ক্রিকেটের অভিজাত সংস্করণ দিয়েই, তাও আবার ৮ উইকেটের বড় ব্যবধানে।

গৌরবমাখা এমন জয়ের পর কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে, ‘এবাদতে কুপোকাত কিউয়িরা, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস বাংলাদেশের’।

এ ছাড়া আনন্দবাজারের শিরোনাম করেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ।’
অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ তাদের প্রতিবেদন শুরু করেছে এই শিরোনাম দিয়ে যে, ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

আনন্দবাজার তাদের প্রতিবেদনে লিখেছে, দলে নেই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
কয়েক দিন আগেই ঘরের মাঠে পাকিস্তানের কাছে লজ্জার হার হয়েছে।
তার মধ্যে নিউজিল্যান্ডে গিয়ে তাদের বিরুদ্ধে খেলা।
অতি বড় সমর্থকও হয়তো আশা করেননি প্রথম টেস্টেই এভাবে নিউজিল্যান্ডকে হারাবে বাংলাদেশ।
কিন্তু ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা।
যেদিন যে দল ভালো খেলবে, জয়তিলক তার কপালেই উঠবে। সেটাই হল। নিউজিল্যান্ডকে হারিয়ে অনেক রেকর্ড নিজেদের নামে করল বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.