অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।
করোনাভাইরাসের টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে।
জকোভিচ বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে এসেছিলেন।
পরে তাকে মেলবোর্ন বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জকোভিচ।
কিন্তু তারপরেই বাধে বিপত্তি।
জকোভিচের ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাকে বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
ফলে শেষ পর্যন্ত ভিসা জটিলতার কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে পারছেন না জকোভিচ।

তবে জকোভিচ এমন জটিলতার সম্মুখীন হতে চলেছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্যে।
তিনি বলেছিলেন, ‘কীসের ভিত্তিতে নোভাক জকোভিচকে মেডিকেল প্যানেল ছাড়পত্র দিয়েছে মেলবোর্নে আসার পর তা তাকে জানাতে হবে।
সেটা সন্তোষজনক মনে হলে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন। অন্যথায় পরবর্তী ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হবে।
তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, এ দেশে কারও জন্য কোনো বিশেষ সুবিধা থাকতে পারে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.