ফ্রান্সের প্যারিসে মানিয়ে নিতে পারছেন না লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো!
তাই স্ত্রীর কথা বিবেচনায় নিয়েই নাকি তার বার্সেলোনায় ফিরতে চাওয়ার জল্পনা।
ভেনেজুয়েলাভিত্তিক সংবাদ মাধ্যম এল ন্যাসিওনালের খবর, রোকুজ্জো-মেসির সন্তানেরাও নাকি প্যারিসের আলো-বাতাসের সঙ্গে অতটা খাপ খাওয়াতে পারছে না।
তাই মেসিকে বার্সেলোনায় ফেরার জন্য অনুপ্রাণিত করছেন স্ত্রী।
ওই প্রতিবেদনের বরাতে আরও জানা যাচ্ছে, বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ ও রাইট ব্যাক দানি আলভেসও নাকি মেসিকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নজর দিচ্ছেন।
যদিও এতে মত নেই মেসির বাবা জর্জ মেসির।
মেসির বাবা মনে করেন, বার্সেলোনার সভাপতি আগেরবার তাদের সঙ্গে প্রতারণা করেছে।
নইলে এখনো কাতালান ক্লাবটিতেই থাকতে পারতেন তার ছেলে।
তাহলে লেখা হতো না এত বড় ও দুঃসহ গল্পও!
অবশ্য মেসিকে ফিরিয়ে নিতে হলে বড় ধরনের অর্থই খসাতে হবে বার্সাকে। কেননা ২০২৩ সাল নাগাদ যে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।