আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর থেকেই দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন, অভিমান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম।
তবে প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।
তার আগে দেশসেরা ওপেনারের এমন সিদ্ধান্তে বেশ হতাশ দেশের ক্রিকেট সমর্থকরা।
কারণ, তামিমের বিকল্প হিসেবে বর্তমানে যারা খেলছেন, তারা ধারাবাহিক নন। যার খেসারত দিতে হয়েছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
তাইতো সবার চাওয়া তামিম আবারও এই ফরম্যাটে ফিরুক।
এদিকে, তামিমের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
রবিবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, তামিমকে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ করবেন।