ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচ তখন শেষ। পুরস্কার বিতরণী পর্ব চলাকালেই মাঠে এক ফ্রেমে ধরা পড়লেন খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল।
দুজনের আলাপচারিতার বিষয়টা কারো অজানা নয়।
মিনিট দশেকের আলাপ শেষে নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান তারা।
গত রবিবার বরিশালের হেড কোচ ও বিসিবি পরিচালক সুজন বলেছিলেন, আন্তর্জাতিক টি-২০ থেকে সরে যাওয়ার বিষয়ে কথা বলবেন তামিমের সঙ্গে। গতকাল হয়তো বাঁহাতি এ ওপেনারের সঙ্গে সেই আলাপই করেছেন তিনি।
কিন্তু তাতে আশাপ্রদ কোনো ফল আসেনি। নিজের সিদ্ধান্তে অনড় তামিম। টি-২০ তে ফিরতে চান না তিনি।
ম্যাচ শেষে সুজন এ বিষয়ে বলেছেন, ‘আমি আজ (গতকাল) তার সঙ্গে কথা বলেছিলাম।
আমি যেটা বুঝলাম সে টি-২০ খেলা চালিয়ে যেতে চায় না।
যদি এমনটাই হয় তাহলে কাউকে জোর করার কোনো কারণ নেই।’