বাকি আর একটি ম্যাচ।
শুক্রবার সন্ধ্যায় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
তবে ফাইনালের আগের দিন বরিশালের জন্য এক দুঃসংবাদই পাওয়া গেল।
ফাইনালের আগেরদিন সাধারণত দুই দলের অধিনায়করা ফটোসেশনে অংশ নেন। মুখোমুখি হন গণমাধ্যমের। তবে বৃহস্পতিবার ফটোসেশনে দেখা মিলল না ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের।
তার পরিবর্তে আসেন ভাইস ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
এদিকে, সাকিবের না আসার বিষয়ে বরিশালের তরফে দুই রকম কথা শোনা যাচ্ছে। আর তাই গুঞ্জনও ঢালপালা মেলছে।
ফ্র্যাঞ্জাইজিটির তরফে বলা হয়, পেটের পীড়ায় ভুগছেন সাকিব।
আর তাই ফটোসেশন ও সংবাদ সম্মেলনে আসতে পারেননি।
অন্যদিকে, দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন,‘সাকিব ভাই আসতে পারেনি। আর তাই আমি এসেছি। সকালে উনি জিমে ছিলেন।’
তবে বরিশাল ফ্র্যাঞ্জাইজি ও দলটির সহ-অধিনায়ক সোহানের প্রত্যাশা, ফাইনালে খেলবেন সাকিব।
এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েসেরও আশা ফাইনালের মঞ্চে দুইজনের দেখা হবে।