বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া’র একটি চরিত্রের জন্য বাংলাদেশের একাধিক অভিনেত্রীর কাছে প্রস্তাব এসেছিল।
কিন্তু তারা সেটা ফিরিয়ে দিয়েছেন।
অবশেষে সেই সিনেমায় যুক্ত হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
জানা যায়, প্রথমে সিনেমাটির প্রস্তাব আসে তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে।
স্ক্রিপ্ট পড়ার পর তার মনে হয় সিনেমাটি রাজনৈতিক ঘারানার।
সেখানে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে।
সবকিছু ভেবে তার মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে তার যুক্ত হওয়াটা ঠিক হবে না।
মিমকে না পেয়ে ‘খুফিয়া’ নামে সেই সিনেমার প্রস্তাব নিয়ে মেহজাবীনের দরজায় কড়া নাড়েন বলিউডের খ্যাতিমান এই নির্মাতা।
কিন্তু বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার কারণে মেহজাবীনও তাকে ‘না’ করে দেন।
