লখনৌ সুপার জায়ান্ট বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চায় বলে বিসিবির কাছে ফোন করেছিলেন দলটির মেন্টর এবং ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। মূলতঃ ইংলিশ পেসার মার্ক উড ইনজুরির কারণে ছিটকে পড়ার কারণেই সে স্থান পূরণ করতে পেসারের খোঁজে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
তাসকিনকে চেয়ে গৌতম গম্ভীরের ফোনের পর এটাই আজ বাংলাদেশের টক অব দ্য ক্রিকেট। আইপিএলে সুযোগ পেলে তাসকিন খেলতে যাবেন কি না, কিংবা বিসিবিও এ ব্যাপারে তাকে অনুমতি দেবে কি না, তা নিয়েই যত জ্বল্পনা-কল্পনা।
যদিও দুপুরের আগে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, তাসকিনকে এই মুহূর্তে আইপিএল খেলার জন্য এনওসি দেয়া হবে না।
এরই মধ্যে তাসকিন এবং সাকিব আল হাসানের ইস্যু নিয়ে আজ বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সেখানে তিনি জানিয়েছেন, তাসকিনের সঙ্গে আইপিএল বিষয়ক কথা হয়েছে বিসিবির। তারা তাসকিনকে সবই জানিয়েছেন এবং বলে দিয়েছেন, এ মুহূর্তে জাতীয় দলের সঙ্গেই তাকে সবচেয়ে বেশি দরকার।
এ সময় তাসকিনও জানিয়ে দিয়েছেন, আইপিএলে সুযোগ পেলেও তিনি খেলতে যাবেন না। জাতীয় দলের সঙ্গেই থাকবেন।
