বার্সেলোনায় লিওনেল মেসির যে হাঁকডাক ছিল, পিএসজিতে তার কানাকড়িও নেই। অধিকন্তু চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার জেরে মেসিদের ওপর চড়াও হচ্ছেন ক্লাবের সমর্থকরা।
এ অবস্থা চলতে থাকলে ফরাসি ক্লাবটিতে আর্জেন্টাইন তারকাকে খুব বেশি দিন দেখা যাবে না বলে মনে করেন তারই স্বদেশি মারিও ক্যাম্পেস।
আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্যাম্পেস মনে করেন, মেসি পিএসজিতে একদমই সুখে নেই। ফলে এই ক্লাবে তার দীর্ঘ সময় থাকাটাকেও অসম্ভব মনে করছেন তিনি।
ঠিকানা বদল করলে কোথায় যাবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী? সুপার ডিপোর্টিভো রেডিওকে এ সম্পর্কে ক্যাম্পেস বলেন, ‘আমি জানি না বার্সেলোনা তাকে (মেসি) স্বাগত জানাবে কি না।
কারণ কাতালান ক্লাবটি থেকে মেসির প্রস্থান সুখকর ছিল না।
তার বার্সেলোনা ছাড়ার পর মানুষ যেমন বিস্মিত হয়েছে, তেমনি পুরনো ঠিকানায় ফেরার খবরও একইভাবে অবিশ্বাস করবে।’
ক্যাম্পেস যোগ করেন, ‘এখন যে অবস্থা চলছে তা বিদ্যমান থাকলে মেসির পিএসজি ক্যারিয়ারের স্থায়িত্ব খুব বেশি হবে না।
আমি তার (মেসি) মুখ দেখেছি, সেখানে উদ্বেগের ছাপ।
এটা শুধু পিএসজির জার্সিতেই না, আর্জেন্টিনা জাতীয় দলে এলেও এখন সে অন্যরকম হয়ে যায়।
ক্লাবে ও যেমনই খেলুক, আমি চাই জাতীয় দলের হয়ে যাতে সর্বোচ্চটা দেয়।
এখানে আসার আগে তার মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা উচিত।’