ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কপাল পুড়তে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের!
ইনজুরি কাটিয়ে ফিরছেন দলটির পছন্দের পেসার এনরিচ নর্কিয়া।
পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শও পরের ম্যাচে ফিরতে পারেন।
এমন তথ্য দিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং।
ওয়ার্নার, নর্কিয়া ও মার্শ একাদশে সুযোগ পেলে মুস্তাফিজের খেলার সম্ভাবনা কতটুকু থাকবে, তা ক্রিকেট অনুসারী মাত্রই বোঝার কথা!
রয়টার্সের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস পন্টিংয়ের বক্তব্য তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে পন্টিং বলেছেন, ‘ওয়ার্নার লখনৌর বিপক্ষে পরের ম্যাচে ফিরছে। মার্শ ইনজুরিতে ছিল। ও মোটামুটি সুস্থ। অনুশীলনও করেছে। তাকেও পরের ম্যাচের জন্য বিবেচনা করা যায়। আর নর্কিয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলছে না। আশার কথা হচ্ছে, সে-ও দলে ফিরেছে। পরের ম্যাচে ওর খেলার সম্ভাবনাও আছে।’
আইপিএলে প্রতিটি দলের একাদশে চারজন করে বিদেশি রাখা যায়।
অর্থাৎ, ওয়ার্নার, নর্কিয়া আর মার্শ ফিরলে মুস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হয়ে যাবে। টিম সেইফার্ট তো রয়েছেনই।
মুস্তাফিজের পরিবর্তে তারা চতুর্থ বিদেশি হিসেবে খেলাতে পারে লুঙ্গি এনগিদিকে।
যদিও মুস্তাফিজ নিজের প্রথম ম্যাচে দিল্লির হয়ে আগুনঝরা বোলিং করেছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি।