আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বাংলাদেশ দলের বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। নতুন দল দিল্লি ক্যাপিট্যালসের জার্সিতে অভিষেকে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।
আজ পরের ম্যাচে আইপিএলের নবাগত দল লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মোস্তাফিজের দিল্লি। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি হতে পারতো বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজ ও তাসকিন আহমেদের লড়াই।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দিয়ে ইংলিশ পেসার মার্ক উডের বদলি খেলোয়াড় হিসেবে তাসকিনকে নিতে চেয়েছিল লখনৌ ফ্র্যাঞ্চাইজি। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তখন আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। তাই অ্যান্ড্রু টাইকে নিয়েছে লখনৌ।