বড্ড তাড়াতাড়িই চলে গেলেন মোশাররফ রুবেল।
মাত্র ৪০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার।
ব্রেন টিউমারের সঙ্গে প্রায় তিন বছর লড়াই করে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মোশাররফ রুবেল।
তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।
শুধু বাংলাদেশ নয়, মোশাররফ রুবেলের মৃত্যুশোক ছুঁয়ে গেছে আইপিএলকেও।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পেজে লিখেছে, ‘সাবেক বাংলাদেশি স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে আমাদের আন্তরিক সমবেদনা।
ওপারে তিনি শান্তিতে থাকুন।’
প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি এই স্পিনার।
দেশের বাইরে গিয়ে কেমোথেরাপিসহ জটিল সব চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
গত মাসের মাঝামাঝি শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
তবে খানিক সুস্থ বোধ করায় গত শুক্রবার (১৫ এপ্রিল) বাড়িতে নিয়ে যাওয়া হয় রুবেলকে। এর চারদিনের মাথায়ই চলে গেলেন না ফেরার দেশে।