প্রথমবারের মতো, বিশ্ব ভয়াবহ জ্বালানি সংকটে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজার সংকোচন ও প্রধান উৎপাদনকারী দেশগুলো তেল সরবরাহ কমিয়ে দেয়ায় প্রথমবারের মতো ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে পৃথিবী।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল এ মন্তব্য করেছেন। খবর রয়টার্স।

আগামী বছর মাত্র ২ হাজার কোটি ঘনমিটার নতুন এলএনজির সক্ষমতা দেখবে বিশ্ববাজার। অন্যদিকে ওপেক ও তার মিত্র দেশগুলো প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়ে আনবে উৎপাদন। সব মিলিয়ে সংকটজনক পরিস্থিতি আসছে বিশ্বজুড়ে। বিরোল এই ধরনের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন।

বিশ্বের জ্বালানি পরিস্থিতির বর্ণনা দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সপ্তাহ উপলক্ষ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি তো রয়েছেই। সেই সঙ্গে বিশ্ব জুড়ে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লার মতো শক্তি উৎসগুলোর মূল্য বেড়েছে। ইউরোপীয় ভোক্তারা এখন শীতের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ফলে উচ্চমূল্য কিংবা রেশনিং নিয়ে পরিস্থিতি সামাল দেয়াকঠিন।

এই শীতে কোন পদক্ষেপ নেয়া না গেলে ইউরোপের সমাজ ও অর্থনীতিতে বড়সড় দাগ ফেলবে জ্বালানি সংকট। আগামী বছর বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধি পাবে ১৭ লাখ ব্যারলে। সেই সময়ও রুশ তেলের ওপর নির্ভরশীল থাকবে ইউরোপ।

এর মধ্যে অবশ্য জি-সেভেন দেশগুলো রাশিয়া থেকে অপেক্ষাকৃত কম মূল্যে তেল আমদানির পরিকল্পনা প্রস্তাব করেছে। যুক্তরাষ্ট্রের অর্থবিভাগও স্বীকার করেছে, রাশিয়া চাইলে বর্তমান মূল্য থেকে ৮০ থেকে ৯০ শতাংশ অব্দি কমাতে পারবে। সংকট মোকাবেলার জন্য সিদ্ধান্তে কিছুটা আশাব্যঞ্জক হতে পারে।

নবায়নযোগ্য শক্তিতে নির্ভরতা বাড়াতে পারলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হবে বলে মনে করেন আইইএ প্রধান।

নিরাপদ ও স্থিতিশীল নবায়নযোগ্য শক্তির উৎস ও সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়নই হতে পারে বিকল্প সমাধান। এই দিকে কিছুটা অগ্রগতি যে হয়নি, তা না। বর্তমানে নবায়নযোগ্য শক্তির সক্ষমতা ২০ শতাংশ, বছর কয়েক আগেও তা ছিল মাত্র ৮ শতাংশ। শুধু চলতি বছরেই প্রায় ৪০০ গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি সক্ষমতা যুক্ত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশই নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ঝুঁকেছে। এইদিকে আরো গতি ও গুরুত্ব প্রয়োজন বলে মনে করেন ফাতিহ বিরোল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.