হযরত শাহজালাল বিমানবন্দরের মশা নিধনে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল এভিয়েশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তা প্রতিবেদন দিয়ে জানাতে বলা হয়েছে। সেই সঙ্গে মশা ও মশার লার্ভার ঘনত্ব নির্ণয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও বেবিচককে ফের সমীক্ষা চালাতে বলেছেন আদালত। নির্ধারিত তারিখের মধ্যে এ সমীক্ষা প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। বেবিচকের পক্ষে ছিলেন আইনজীবী আইনজীবী সাইফুর রাশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘সর্বশেষ সমীক্ষা প্রতিবেদন দেখে আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে কিন্তু মশা মারা সম্ভব হচ্ছে না। মশা নিধনে সরকারের দেওয়া বরাদ্দ খরচ করা হলেও আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। পরে আদালত বিবাদীদের কাছে ফের সমীক্ষা প্রতিবেদন ও মশা নিধনে সমন্বিত পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন চেয়েছেন।

বিমানবন্দর এলাকায় বিআরটিসি স্টাফ বিল্ডিং ও নিকুঞ্জতে কিউলেক্স ও এইডিস মশার ঘনত্ব বেশি বলে সর্বশেষ সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান আইনজীবী তানভীর।

মশা ও মশার লার্ভার ঘনত্ব নির্ণয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ শাখা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) একটি কর্মসূচি চালু আছে।

প্রতি দুই মাস অন্তর এ সমীক্ষা চালানোর কথা থাকলেও ২০১৯ সালের জুনের পর সমীক্ষা না চালানোয় গত ৩ এপ্রিল বিমানবন্দরের ভেতরে-বাইরে মশা ও লার্ভার ঘনত্ব নির্ণয়ের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর নিয়মিত সমীক্ষা চালানো হচ্ছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। রিটের প্রাথমিক শুনানির পর ১২ মার্চ হাইকোর্ট রুল দেন। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উপদ্রব থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়।

এর মধ্যে বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর-প্রতিবেদন প্রকাশিত হলে সেসব খবর-প্রতিবেদন যুক্ত করে চলতি বছর ফেব্রুয়ারিতে সম্পূরক আবেদন করেন আইজীবী তানভীর। এ আবেদনে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চাওয়া হয়। পরে ২০ ফেব্রুয়ারি আদালত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বেবিচকের চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। পরে এপ্রিলে আদালতের প্রতিবেদন দেন বেবিচকের চেয়ারম্যান। সে ধারাবাহিকতায় সর্বশেষ সমীক্ষা প্রতিবেদন আদালতের উপস্থাপন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.