দীর্ঘ নিষেধাজ্ঞার পর টুইটারে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক একটি জরিপ চালানোর পর ট্রাম্পের বিতর্কিত টুইটার অ্যাকাউন্টটি শনিবার সচল করা হয়েছে। খবর বিবিসির।
শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করেছেন ইলন মাস্ক। ২০২১ সালের ৬ জানুয়ারী মার্কিন ক্যাপিটল হিলে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে এতদিন এটি বন্ধ করে রেখেছিল টুইটার কর্তৃপক্ষ।
ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা উচিত কিনা সে বিষয়ে টুইটার ব্যবহারকারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ক্লিক করতে বলেছে এমন একটি পোল অনুষ্ঠিত হওয়ার পরে মাস্ক সন্ধ্যায় তার অ্যাকাউন্ট চালু করার ঘোষণা দিয়েছিলেন।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার টুইটার পোল শেষ হওয়ার পর পরই দেওয়া এক টুইটবার্তায় বলেন, ‘লোকজন সমর্থন দিয়েছে। ট্রাম্পকে টুইটারে পুনর্বহাল করা হবে।’
প্রতিদিন ২৩৭ মিলিয়ন ব্যবহারকারী টুইটার ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন।
জরিপে ৫১.৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮.২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট পদের জন্য তার প্রার্থীতা ঘোষণা করার চার দিন পরে মাস্ক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করেন।