বেতন ‍বৃদ্ধির দাবিতে ধর্মঘট, বার্লিন বিমানবন্দরের ৩০০ ফ্লাইট বাতিল

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জার্মানির বার্লিন বিমানবন্দরের কর্মীরা ধর্মঘটে গেলে বুধবার বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরটির সব ফ্লাইট বাতিল করা হয়।

এদিন বার্লিন বিমানবন্দর থেকে প্রায় ৩০০টি উড়োজাহাজ উঠা-নামা করার কথা ছিল। যেগুলো প্রায় ৩৫ হাজার যাত্রী পরিবহন করত।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, পরিকল্পিত শ্রমিক ধর্মঘট বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় শুরু হয় এবং তা সারাদিন চলতে থাকে। ২০১৮ সালের পর এই প্রথম শ্রমিক ধর্মঘটের কারণে এত বেশি ফ্লাইট বাতিল করা হলো।

আরও জানানো হয়, মজুরি বৃদ্ধির দাবিতে ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি শ্রমিক ধর্মঘটের ডাক দেয়। ইউনিয়নটি জানিয়েছে, প্রায় ১,৫০০ শ্রমিক এই ধর্মঘটে অংশ নিয়েছেন। বিমানবন্দর কর্মীদের বেতন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার জন্য প্রতি মাসে ৫০০ ইউরো বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এমন পরিস্থিতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বৃহস্পতিবারের কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে এবং অবতরণের জন্য কিছু ফ্লাইট পাশের ড্রেসডেন এবং লাইপসিশ বিমানবন্দরে পাঠিয়ে দিয়েছে। অনেক যাত্রীই ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছেছেন।

লুফথানসার প্রধান কার্স্টেন স্পোর এই ধর্মঘটের সমালোচনা করেছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “একদিনের ধর্মঘটকে সতর্কতামূলক ধর্মঘট বলা অস্বাভাবিক।”

বিমানবন্দর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এনরিকো রুহিমকার বলেন, ‘‘আশা করি যথেষ্ট চাপ দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ মাসের মেয়াদের জন্য একটি সম্মিলিত দর কষাকষির প্রস্তাব দিয়েছিল। যেখানে আগামী ১ জুন থেকে বেতন ৩% এবং আগামী বছর ১ মে থেকে বেতন ২% বৃদ্ধির কথা বলা হয়েছে।”

তিনি আরও বলেন, “মূল্যস্ফীতির হার কতটা বেশি এবং এই খাতে আমার সহকর্মীদের বেতন অনেক অনেক বছর ধরে বাড়ে না, সেটিও বিবেচনা করতে হবে। তাই তারা যে প্রস্তাব দিয়েছে সেটা নিশ্চিতভাবেই আমার সহকর্মীদের মুখে চড় মারার মত।”

এদিকে, জার্মান সরকার বুধবার তাদের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, খসড়া যে প্রতিবেদন তৈরি করা হয়েছে সেখানে এ বছর মূল্যস্ফীতি ৬% এবং ২০২৪ সালে ২.৮% হবে বলে আভাস দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.