বন বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তি সনদ ছাড়াই দেশে আনা চারটি গ্রিভেট বানর উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেট ইউনিট। বানরগুলো নেওয়া হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।
তিনি বলেন, রোববার দক্ষিণ আফ্রিকার দেশ মালি থেকে একটি কার্গো বিমানে গ্রিভেট বানর বাংলাদেশে নিয়ে আসেন আবু বকর নামের এক ব্যক্তি। প্রাণীগুলোকে অবৈধভাবে আমদানি করায় কাস্টম কর্তৃপক্ষ বানরগুলোকে জব্দ করে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে সোমবার রাতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকেলে বানরগুলোকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের কাছ থেকে চারটি কেপোসিড মানকি বুঝে নেওয়া হয়েছে। বর্তমানে বানরগুলোকে পার্কের কোয়ারিন্টাইনে রাখা হয়েছে। নতুন পরিবেশে প্রাণীগুলোকে রেখে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।