‘বিমান হাইজ্যাক হয়েছে’, একঘেয়েমি কাটাতে ভুয়ো টুইট করে বিমানবন্দরে গ্রেফতার যুবক

হাইজ্যাক হয়ে গিয়েছে বিমান! জনৈক বিমানযাত্রীর এমন টুইটেই শোরগোল পড়ে গিয়েছিল ভারতের দিল্লি বিমানবন্দরে। পরে জানা গেল একঘেয়েমি এবং বিরক্তির কারণেই অমন টুইট করেছিলেন ওই যাত্রী। বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

 

ঘটনাটি গত ২৫ জানুয়ারির। দুবাই থেকে আসা জয়পুরগামী স্পাইসজেটের এসজি ৫৮ বিমান প্রতিকূল আবহাওয়ার কারণে জয়পুর বিমানবন্দরে না নেমে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে বিমানটি নামার পর প্রায় ৪ ঘণ্টা বিমানবন্দরেই অপেক্ষা করে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে দুপুর ১টা ৪০ নাগাদ বিমানটিকে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সে সময়ই বিমানের ভিতর বসে থাকা ২৯ বছরের এক যুবক টুইট করে জানান, বিমানটি হাইজ্যাক করা হয়েছে।

এই টুইট নজরে আসার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষ তড়িঘড়ি বিমানের সব যাত্রীকে নামিয়ে আনেন। বিমানের সমস্ত মালপত্রও নীচে নামিয়ে আনা হয়। নিরাপত্তা আধিকারিকেরা বিমানের ভিতর তন্নতন্ন করে তল্লাশি চালান। তদন্তে বোঝা যায়, যুবকের ওই টুইটটি ভুয়ো। ক্ষুব্ধ যাত্রীরাই ওই যুবককে পাকড়াও করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতারির পর অভিযুক্তের দাবি, বিমান অনেক ক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় তাঁর বিরক্তি আসছিল। তাই নাকি তিনি এমন কাণ্ড করেছেন!

সূএ: আনন্দবাজার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.