হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ মাস প্রতিরাতে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে বিমান চলাচল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস প্রতিরাতে পাঁচ ঘণ্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বুধবার দিবাগত রাত ২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো এবং যাত্রীসেবার মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

লাইট প্রতিস্থাপনকালীন আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্যতা থাকতে পারে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি তা বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে মনিটরিং টিম।

তিনি বলেন, এই মৌসুমে (শীতকালে) মধ্যরাতের পাঁচ ঘণ্টা সময় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিং ব্যবস্থা সংস্কারকাজের জন্য এ সময়কে বেছে নেয়া হয়েছে। এসময়ে প্রতিদিন ৭-৮টি ফ্লাইট চলাচল করতো। সেগুলো রিশিডিউল করা হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.