আবারও রাশিয়ার বড় হামলা শুরু: পুরো ইউক্রেনে সতর্কতা জারি

ইউক্রেনের ওপর নতুন করে আবার বড় হামলা চালানো শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। জাপোরিঝিয়া শহরে এক ঘণ্টার মধ্যে ১৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। গত বছর সামরিক অভিযান শুরুর পর এটিই জাপোরিঝিয়ায় একদিনে সবচেয়ে বড় হামলার ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, এছাড়া খারকিভেও শুক্রবার ভোরে হামলা চালিয়েছে রুশ সেনারা। এরপরই পুরো ইউক্রেনে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় যাওয়ার নির্দেশ দিয়েছেন সেনা কর্মকর্তারা।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পোপকো এক টুইট বার্তায় বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি আবারও বলছি- কেউ সতর্কতা উপেক্ষা করবেন না।’

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কো বলেছেন, ‘রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রয়েছে। নিরাপদ আশ্রয়ে চলে যান।’ এদিকে জাপোরিঝিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.