বিপুল স্বর্ণ থাকার খবরে একটি এয়ারক্রাফটে তল্লাশি চালানোয় সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা ছেড়েছে বিমানের দিল্লি ফ্লাইট। তবে এ তল্লাশিতে কোনো স্বর্ণ বা অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি। যাত্রীদের অভিযোগ বিমান ব্যবস্থাপনার অদক্ষতায় ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। তবে গতকাল বুধবারের এ ঘটনায় বিমানের কেউ অনুতপ্তও হয়নি, দুঃখও প্রকাশ করেননি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, কাস্টম কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ওই এয়ারক্রাফটটি এনে দিল্লিতে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এনবিআরপ্রধানের সঙ্গেও কথা বলেছি। কিন্তু সুরাহা হয়নি। আসলে নতুন উড়োজাহাজ না কেনা পর্যন্ত কোনো সুরাহা দেখছি না।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ বুধবার দুপুর ১২টায় ছিল বিমানের ঢাকা দিল্লি ফ্লাইট (বিজি ৩৯৭)। এতে ১৪৭ যাত্রী চেকইন করেন। বেলা সাড়ে ১১টার পরও তাদের ডেকে নেওয়া না হলে ফিসফিসানি শুরু হয়। দুপুর ১২টা বাজার পরও বিমান থেকে যাত্রীদের কোনো কিছুই জানতে দেওয়া হয়নি। বিকল্প উপায়ে যাত্রীরা বিমানে তল্লাশির কথা জানতে পারেন।
এদিকে দুই ঘণ্টা লাউঞ্জে অপেক্ষায় থাকার পরও বিমান থেকে কোনো ধরনের সহানুভূতি প্রকাশ ও ব্যাখ্যা না দেওয়ায় যাত্রীদের ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। আড়াই ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
এ সময় একজন যাত্রী ফোন করে এ প্রতিনিধিকে জানান, তিনি এমনিতেই বিমানে ওঠতে চান না। কিন্তু সাম্প্রতিক সময়ে বিমানের সেবা ও সিডিউলের উন্নতি হওয়ার খবরে সিদ্ধান্ত নেন এবার চড়ার। তার পরই দেখা দিয়েছে এমন বিপত্তি।
এদিকে বেলা পৌনে ৩টার পরও কাস্টমসের তল্লাশি অভিযান শেষ না হওয়ায় অন্য উড়োজাহাজ দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান। পৌনে ৩টায় কাঠমান্ডু থেকে আরেকটি ৭৩৭ এয়ারক্রাফট আসার পর দ্রত সেটিকে পরিষ্কার করে বেলা সাড়ে ৩টার দিকে পাঠানো হয়।
ভুক্তভোগী যাত্রীদের প্রশ্ন কেন তাদের এভাবে খেসারত দিতে হলো? বেলা ১১টায় শারজাহ থেকে ফ্লাইট নামার পর, সেটিতে সোনা থাকার সংবাদে যখন কাস্টমস তল্লাশি চালাতে তাদের হেফাজতে নিয়ে যায়, তখনই তো বিমান ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল এটি কয়েক ঘণ্টা বিলম্ব হতে পারে। বিকল্প উপায়ে দিল্লি ফ্লাইটের সিডিউল ঠিক রক্ষা করার সুযোগ ছিল। কিন্তু বিমান সেটি করেনি।
জানা গেছে, দিল্লি ফ্লাইটের জন্য নির্ধারিত বিমানটি শারজাহ থেকে বেলা ১১টায় ঢাকায় পৌঁছে। এর পরই কাস্টমসের কাছে এতে স্বর্ণ থাকার খবর যায়। প্রাথমিকভাবে এই খবরের সত্যতা যাচাই ছাড়াই তারা বিমানটি হেফাজতে নিয়ে তল্লাশি চালায়। যা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি।
বিমানের এই অদক্ষতায় ক্ষুব্ধ এ খাতসংশ্লিষ্টরা। বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শেখ নাসির উদ্দিন বলেন, এভিয়েশন ব্যবসার মূলমন্ত্র গ্রাহকসেবাকে অগ্রাধিকার দেওয়া। সে কারণে ড্রিমলাইনার দিয়ে হলেও সিডিউল ঠিক রাখাই সমীচীন ছিল।
তিনি বলেন, ‘আসলে দক্ষ ও পেশাদার লোক ছাড়া বিমান চালালে যা হয়, তাই হচ্ছে। এই তুচ্ছ বিষয়টি যদি বিমানের বর্তমান ম্যানেজমেন্ট না বুঝতে পারে, তা হলে যতই এয়ারক্রাফট কেনা হোক আর বহর বাড়ানো হোক, তাতে কোনো ফায়দা হবে না।’
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, আমাদের এখন আরও এয়ারক্রাফট কিনতে হবে। তখন এ ধরনের সংকট থাকবে না। প্রয়োজনে ড্রিমলাইনার ব্যবহার প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন রাখেন ড্রিমলাইনারের মতো এত বড় এয়ারক্রাফট ব্যবহার কি ঠিক হতো? তিনি বলেন, ‘যেটিই হোক আমরা এ নিয়ে বৈঠক করেছি। কাস্টমসের কাছ থেকে দ্রুত এয়ারক্রাফটিকে রিলিজ করার জন্য কথাও বলেছি। কিন্তু পরে অন্য এয়ারক্রাফট দিয়েছি।’
সূত্র: আমাদের সময়