ভারতকে বিমান দিয়ে রাশিয়া থেকে সরাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো ভারতের সামনে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান হাজির করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি রয়েছে এফ-১৬ আর সুপার হর্নেটের মতো বিমান।

শুক্রবার বেঙ্গালুরুতে শেষ হওয়া অ্যারো ইন্ডিয়া শোতে অংশ নিয়ে এসব যুদ্ধবিমান প্রদর্শন করে দেশটি। বিগত ২৭ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজনে অংশ নিয়েছে ওয়াশিংটন। দৃশ্যত অস্ত্র কেনার ক্ষেত্রে ভারত যেন রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় সেটি নিশ্চিত করতেই এমন কৌশল নিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সোভিয়েত আমলের যুদ্ধবিমান নিয়ে গড়ে উঠা বিমানবাহিনীর আধুনিকায়ন করতে চাইছে দিল্লি। তবে ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত বাস্তবতায় তাদের এমন প্রচেষ্টা হোঁচট খেয়েছে। একদিকে যুদ্ধের কারণে যথাসময়ে ভারতকে যুদ্ধবিমান সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে পশ্চিমা দেশগুলোর চাপে রয়েছে দিল্লি।

 

বেঙ্গালুরুর অ্যারো ইন্ডিয়া শোতে যুক্তরাষ্ট্র যেভাবে সাড়ম্বরে অংশ নিয়েছে, সামনে তুলে ধরেছে তাদের সর্বাধুনিক যুদ্ধবিমান, তার বিপরীতে দিল্লির বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়ার উপস্থিতি ছিল একেবারেই সাদামাটা। একইসঙ্গে এ ঘটনায় ওয়াশিংটনের কাছে দিল্লির ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের বিষয়টিও সামনে এনেছে।

অ্যারো ইন্ডিয়া শোতে যৌথ স্টল দিয়েছে রাশিয়ার তিনটি প্রতিষ্ঠান। সেগুলো হলো দেশটির রাষ্ট্রায়ত্ত অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রসোবোরনএক্সপোর্ট, বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট এবং আলমাজ-আনতেই। মূলত ট্যাংকের মিনিয়েচার মডেল, যুদ্ধবিমান, ট্রাক এবং রাডারের মতো সরঞ্জাম প্রদর্শন করেছে তারা।

অথচ এর আগের বারের প্রদর্শনীতে একেবারেই ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। সেবার পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল রসোবোরনএক্সপোর্ট।

ভারত ইউরোপীয় ও মার্কিন যুদ্ধবিমানের দিকে ঝুঁকে পড়ার পর থেকে গত এক দশকে এই প্রদর্শনীতে কোনো যুদ্ধবিমান হাজির করেনি রাশিয়া। তবে এবার যুক্তরাষ্ট্রের জাঁকজমকপূর্ণ উপস্থিতির তুলনায় মস্কোর স্টল ছিল একেবারেই নিষ্প্রভ।

ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র বলছে, দিল্লি এখনও এফ-৩৫কে নিজেদের জন্য প্রয়োজনীয় বলে ভাবছে না। তবে ওয়াশিংটন যেভাবে প্রদর্শনীতে সাড়ম্বরে এটি তুলে ধরেছে সেটির কৌশলগত তাৎপর্য রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.