জনসাধরণের ভোগান্তি কমাতে রাজধানীতে শীঘ্রই চালু হচ্ছে দুইটি আঞ্চলিক পাসপোর্ট অফিস। এরমধ্যে আগামী ১ মার্চ থেকে মোহাম্মদপুরের নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসে কার্যক্রম শুরু হচ্ছে।
আজ শুক্রবার সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউমার্কেট থানা এলাকার বাসিন্দারা ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) অঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের জন্য আবেদ করতে পারবেন।
এই কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু হবে আগামী ১ মার্চ। এদিকে নির্ধারিত দিনের আগে থেকেই আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিবর্তে সেবাগ্রহীতাদের নতুন এই অফিসে পাঠানো হচ্ছে।
গেল ৩০ জানুয়ারি রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুর এলাকায় দুটি অঞ্চলিক পাসপোর্ট অফিস চালু করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেন।
নাগরিকদের ভোগান্তি কমাতে পাসপোর্ট সেবার মান বৃদ্ধি এবং প্রাপ্তি সহজ করার কথা জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিস, কেরানীগঞ্জ, ঢাকা সেনানিবাস, উত্তরা, ঢাকা পূর্ব (বনশ্রী), মোহাম্মদপুর ও সচিবালয় পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হলো।
এরমধ্যে মোহাম্মদপুর ও বনশ্রীর অঞ্চলিক পাসপোর্ট অফিস দুটো শিগগিরই চালু করার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।