‘থাপ্পড়-কাণ্ডের’ পর প্রথম কোনো বড় পুরস্কার পেলেন উইল স্মিথ

দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল তথা এনএএসিপি’র আসরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন উইল স্মিথ।

গতকাল শনিবার রাতে ‘ইমানসিপেশন’ সিনেমার জন্য এই স্বীকৃতি জোটে। খবর ভ্যারাইটি।

এনএএসিপি’র আসরে উইল স্মিথ উপস্থিত ছিলেন না। গত বছরের অস্কার মঞ্চের থাপ্পড়-কাণ্ডের পর এটিই কোনো বড় পুরস্কার প্রাপ্তি তার।

১৯ শতকের লুইজিয়ানার প্রেক্ষাপটে নির্মিত ‘ইমানসিপেশন’ সিনেমায় খামার থেকে পলাতক এক দাসের চরিত্রে অভিনয় করেন স্মিথ। বিখ্যাত একটি ফটোগ্রাফি অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।

অস্কারের ঘটনার পর খানিকটা পিছিয়ে যায় ‘ইমানপিসেশন’। পরে অ্যাওয়ার্ড সিজনকে সামনে রেখে গত অক্টোবরে সিনেমাটি মুক্তি দেয় অ্যাপল প্লাস টিভি। যার অন্যতম প্রযোজক হিসেবে আছেন উইল স্মিথ। এরই মধ্যে অভিনেতা হিসেবে আফ্রিকান-আমেরিকান ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনের পুরস্কার গ্রহণ করেছেন তিনি। এছাড়া ব্ল্যাক রিলস অ্যাওয়ার্ডসের সামনের আসরে পেয়েছেন মনোনয়ন।

২০২২ সালের অস্কারের মঞ্চে স্ত্রী জাডা পিঙ্কিট স্মিথকে নিয়ে কৌতুক করায় কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ। এর পরপরই ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জিতলেও বিশ্বব্যাপী সমালোচিত হন তিনি। স্মিথকে এক দশকের জন্য অস্কার একাডেমির সব অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.